মিশরে জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কায়রোর রিং রোডের পাশে বিস্তীর্ণ একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের বিশাল শিখায় আশপাশের স্থাপনাগুলো আলোকিত হয়ে ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা দিতে ঘটনাস্থলে ২৩টি অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যান পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি হতাহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে নয়জন দগ্ধ হয়েছেন এবং একজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনের শুরুতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, আল-ওয়াররাক এলাকায় রিং রোডে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্যাঙ্কারে আগুন লাগে। পরে সিভিল প্রোটেকশন দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে যানজট নিয়ন্ত্রণ এবং গাড়িচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক কর্তৃপক্ষ সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয়। পাশাপাশি বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।সর্বশেষ খবর
তবে ট্যাঙ্কারটিতে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্যাঙ্কারটি কীভাবে উল্টে গিয়েছিল, সে বিষয়েও কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। অন্যদিকে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।
সূত্র: গাল্ফ নিউজ
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192539