সিরাজগঞ্জের এনায়েতপুরে খেলার মাঠের দাবিতে মানববন্ধন
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ভূইয়া শাহীন সানী।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি পর্যাপ্ত জায়গা রয়েছে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায়। মাটি ভড়াট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
এ সময় বিশিষ্ট রাজনৈতিক আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার, সমাজসেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপনক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, ইছা আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192518