চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় শ্রীমতি শুকরানু (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বুধবার বিকাল সোয়া ৩টার দিকে চৌডালা ইউনিয়নে কানসাটগামী সড়কের রানাবাজার নামক স্থানে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাবার সময় পেছন থেকে একটি অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হন শুকরানু।
তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অটোরিকশা ও চালককে আটক করেছে। নিহত নারী চৌডালা ইউনিয়নের ডারাবাদ গ্রামের সুরেন হালদারের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ওই নারী মানসিকভাবে কিছুটা অসংলগ্ন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192517