দিনাজপুর ঘোড়াঘাটের ফুটপাতে শীতের পোশাক এখনও জমে ওঠেনি কেনাবেচা

দিনাজপুর ঘোড়াঘাটের ফুটপাতে শীতের পোশাক এখনও জমে ওঠেনি কেনাবেচা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতিতে। সকাল-সন্ধ্যায় অনুভূত হচ্ছে হালকা শীতের পরশ। সেই সাথে দিনাজপুরের ঘোড়াঘাটের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে উঠতে শুরু করেছে শীতের পোশাকের নতুন সংগ্রহ। সোয়েটার, জ্যাকেট, হুডি, মোটা কাপড়সহ নানা ধরণের গরম পোশাক সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে শীতের আমেজ শুরু হলেও এখনো জমে ওঠেনি কেনাবেচা।

দোকানগুলোতে পর্যাপ্ত পোশাকের সমাহার থাকলেও ক্রেতাদের আনাগোনা তুলনামূলক কম। ফলে বিক্রির আশায় পণ্য সাজিয়ে বসে থাকলেও অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। আজ বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র সর্ববৃহৎ রাণীগঞ্জ বন্দরসহ ওসমানপুর, ডুগডুগিহাট ও ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকার বিপণিবিতান, পোশাকের দোকান ও ফুটপাত ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কোথাও সারি সারি করে ঝুলিয়ে রাখা হয়েছে শীতের পোশাক, আবার কোথাও দোকানের সামনের অংশজুড়ে সাজানো হয়েছে নানা রঙের সোয়েটার, জ্যাকেট ও শিশুদের শীতের পোশাক। ফুটপাতের দোকানগুলোতেও রয়েছে কম দামে বিভিন্ন ধরণের গরম কাপড়। তবে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় এখনো চোখে পড়ার মতো নয়।

ব্যবসায়ীরা বলছেন, শীতের মৌসুমকে ঘিরে আগেভাগেই বিভিন্ন ধরণের পোশাক সংগ্রহ করেছেন তারা। কিন্তু প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় কিছুটা হতাশায় রয়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা প্রয়োজন ছাড়া এখনো শীতের পোশাক কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। শীতের তীব্রতা বাড়লে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

পোশাক কিনতে আসা রানীগঞ্জ বন্দরের স্থানীয় ক্রেতা তারেকুর রহমান বলেন, শীতের পোশাক কেনার প্রয়োজন আছে। তবে এখনো তেমন শীত পড়েনি। তাই এখনই বেশি পোশাক কিনছি না। শীত একটু বেশি পড়লে পরিবারের সবার জন্য প্রয়োজনীয় গরম কাপড় কিনব।

এদিকে, ব্যবসায়ীদের প্রত্যাশা শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঘোড়াঘাটের বাজারে ক্রেতাদের উপস্থিতিও বাড়বে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে তুলনামূলক কম দামের ফুটপাতের পোশাকের চাহিদা বাড়বে বলে মনে করছেন তারা। এখন সেই আশাতেই নতুন পোশাকের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192495