বগুড়ার শেরপুরে পৈতৃক জমি দখল ও মিথ্যা অভিযোগে মামলার প্রতিবাদ : সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পৈতৃক জমি দখল ও মিথ্যা অভিযোগে মামলার প্রতিবাদ : সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে পৈতৃক সম্পত্তি জবরদখল, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা অভিযোগের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজু মিয়া শাহীন। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ৬৬/৮৮ বণ্টন মোকদ্দমায় আদালতের রায় ও দখল বুঝে দেওয়ার পর ২০০২ সালে ৭৫৫৩ নম্বর দলিলমূলে তার বাবা ৭৫.৫ শতক জমি কেনেন। পরবর্তী সময়ে জমির রেকর্ড ও খাজনা-খারিজ পরিশোধ করে তারা ওয়ারিশসূত্রে ভোগদখল করে আসছেন।

অভিযোগে বলা হয়, ধর্মকাম গ্রামের বদিউজ্জামান বদি, কানাইকান্দর গ্রামের ইয়াকুব আলী, মনোয়ারা বেগম, আব্দুল মোমিন ও মিঠুন, দড়িমোকন্দ গ্রামের মেরিনা খাতুন, খন্দকার টোলার আব্দুল মালেক কাইঞ্চে এবং টাউন কলোনির রজব আলী গং জোরপূর্বক ওই জমিতে বাড়ি-ঘর নির্মাণ ও গাছপালা রোপণ করে দখলে নেন।

এ বিষয়ে গ্রাম ও থানায় একাধিকবার সালিশি বৈঠক হলে গণ্যমান্য ব্যক্তিরা জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। বিবাদিরা জমি ফেরতের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন এবং উল্টো বাদিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা ও মানববন্ধন করে হয়রানি করছেন।

বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে, ভুক্তভোগী পরিবারটি নিজেদের বৈধ জমি ফিরে পেতে ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192491