নানা ধরনের ফসলে ভরপুর বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চল
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে বিশালাকার চরাভূমিতে কৃষিজমির সৃষ্টি হয়েছে। এসব কৃষিজমিতে কৃষকেরা আগামভাবে নানা ধরনের ফসল চাষ করেছেন। এখন সেই ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে চরাঞ্চল থেকে হাজার কোটি টাকার ফসল কৃষকের ঘরে উঠবে বলে আশা করা যাচ্ছে।
বগুড়া সারিয়াকান্দিতে এ বছর বন্যা না হওয়ায় যমুনার পানি তাড়াতাড়ি নেমে গেছে। অপরদিকে উজান থেকে বয়ে আসা পলি পরে উপজেলায় বিশালাকার চরাভূমিতে কৃষিজমির সৃষ্টি হয়েছে। এসব কৃষিজমি এ বছর আগেই জো এসেছে। ফলে কৃষকেরা জমিতে আগামভাবে নানা ধরনের ফসলের আবাদ করেছেন। এগুলোর মধ্যে মরিচ, মিষ্টি কুমড়া, ভুট্টা, মিষ্টি আলু, পিঁয়াজ, গম, নানা জাতের ধান, চিনাবাদাম, মসুর, খেসারি প্রভূতি উল্লেখযোগ্য।
ফসলের জমিতে চাষ দেয়া, আগাছা তুলে দিতে নিড়ানি দেয়া, শ্যালো মেশিনের সাহায্যে জমিতে পানি দেয়া, কীটনাশক প্রয়োগ, পরিপক্ব মরিচ উত্তোলন করা, মিষ্টি কুমড়া উত্তোলন করা প্রভূতি কাজে কৃষকরা এখন সময় পার করছেন।
এ বছর কৃষকেরা আগামভাবে জমিতে হাইব্রিড জাতের মরিচ রোপণ করেছিলেন। যা পরিপক্ব হওয়ায় কৃষকেরা জমি থেকে উত্তোলন শুরু করে দিয়েছেন। তবে বাজারে কম দাম থাকায় কৃষকেরা মরিচ চাষে বেশি লাভবান হতে পারছেন না।
এদিকে বিশালাকার পতিত জমিতে কৃষকেরা মিষ্টি কুমড়ার আবাদ করেছিলেন। অনেকেই আগাম মিষ্টি কুমড়া বাজারজাত করতে শুরু করেছেন। তবে এ বছর অসময়ে বৃষ্টিপাত হওয়ায় মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়নি বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, পুরো উপজেলায় যতগুলো ফসল উৎপাদন হয়, তার বেশিরভাগ ফসল উৎপাদন হয় চরাঞ্চলে। তাদের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় ২ হাজার ৬৭০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ২ হাজার ৭০০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে।
১৫০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ২৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ, ৮ হাজার ৮৯৫ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা, ৯১৫ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৭০৫ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ এবং যা এখনো চলমান রয়েছে।
১ হাজার ২০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৫৫ হেক্টর জমিতে মসুর কলাই এবং যা এখনো চলমান রয়েছে। ১ হাজার ৬১০ হেক্টর জমির লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৭ হেক্টর জমিতে পিঁয়াজের চাষ হয়েছে যা এখনো চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।
এছাড়া চলমান ৮০৫ হেক্টরের বিপরীতে ৬৮০ হেক্টর জমিতে খেসারি, ৭৫৩ হেক্টরের বিপরীতে ৬৩৫ হেক্টর জমিতে মাসকলাই, ৪৮৫ হেক্টরের বিপরীতে ৪৯০ হেক্টর জমিতে মিষ্টি আলু, চলমান ৪৭০ হেক্টরের বিপরীতে ১৫ হেক্টর জমিতে গম, চলমান ৩ হাজার ৩৫০ হেক্টরের বিপরীতে ১ হাজার ৮৫০ হেক্টর জমিতে সরিষা এবং চলমান ৭৪০ হেক্টর জমির বিপরীতে ৭১০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক সবজির আবাদ হয়েছে।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামের কৃষক আব্দুল মোমিন বলেন, যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে বেশকিছু ফসলের আবাদ করেছি।
১০ বিঘা জমিতে মিষ্টি কুমড়া, ৪ বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ, ৩ বিঘা জমিতে চিনাবাদাম এবং ৬ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। এগুলো ফসলের পরিচর্যায় দিনরাত নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছি। মিষ্টি কুমড়া এবং মরিচ জমি থেকে উত্তোলন শুরু করেছি। বাজারে মরিচের দাম কম থাকায় লাভ হচ্ছে না। অপরদিকে মিষ্টি কুমড়ার ফলন খারাপ হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতি বছরের মত চরাঞ্চলের কৃষকেরা তাদের নতুন জেগে ওঠা চরে নানা ধরনের ফসলের আবাদ করেছেন। এগুলোর মধ্যে মরিচ, মিষ্টি কুমড়া এবং ভুট্টা উল্লেখযোগ্য।
সেইসব ফসলের যত্ন করতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যাচ্ছে কৃষকেরা বাম্পার ফলন ঘরে তুলবেন। বাজারে ভালো দাম পেলে কৃষকেরা বেশ লাভবানও হবেন বলে আশা করা যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192478