আজ মধ্যরাত থেকে ২৪ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

আজ মধ্যরাত থেকে ২৪ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৪ দিন বন্ধ থাকবে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আজ বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের সময় ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।

উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার।

২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। চুক্তি বলছে, এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে।

পিডিবির তথ্য বলছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে।

ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192464