পাবনায় অবৈধভাবে সার মজুতের অপরাধে ডিলারসহ দুইজনের ৪৮ হাজার টাকা জরিমানা
পাবনা প্রতিনিধি : পাবনায় বরাদ্দকৃত সার কৃষকদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে মজুত এবং সার বিতরণের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে দুই ডিলারকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি গোডাউন থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা এবং সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি ন্যায্যমূল্যের সার শহরের একটি গোপন গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। কৃষকদের কাছে বিক্রি না করে সেগুলো কালোবাজারিতে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শহরের গনি বিহারীর মিলের সামনে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে সার কৃষকদের মাঝে বন্টন করতে নির্দেশ দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ডিলার আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে অভিযান চালিয়ে সার বিতরণের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে সার ডিলার হিরোক ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মালিক কাদের বিশ্বাসের ম্যানেজার কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে বরাদ্দের একটি বড় অংশের সার কৃষকদের মধ্যে বিতরণ না করে সুকৌশলে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করে আসছেন। সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ফোন করে ডেকে এনে এসব সার বিক্রি করা হয়। বরাদ্দের দিন সার বিতরণে ব্যাপক ধীরগতি ও সময়ক্ষেপণ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192460