মহাকাশ অভিযানে পাকিস্তানের প্রথম নভোচারী

মহাকাশ অভিযানে পাকিস্তানের প্রথম নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের প্রথম মহাকাশচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি নাগরিক কক্ষপথে মহাকাশ অভিযানে অংশ নিলেন। একই সঙ্গে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি মহাকাশচারীও হতে যাচ্ছেন তিনি।

চীনের স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই মহাকাশচারী তাং হংবো ও উ ই। উৎক্ষেপণের পর মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছায়। চীনা কর্তৃপক্ষ অভিযানটিকে সফল বলে ঘোষণা করেছে।

৪০ বছর বয়সী জিশান আলী পাকিস্তানের সাবেক বিমানবাহিনীর পাইলট। তিনি এ অভিযানে পে-লোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে অবস্থানকালে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। তার মহাকাশে অবস্থানের সময় পাঁচ থেকে ১০ দিন হতে পারে। পাকিস্তান ও চীনের মহাকাশ গবেষণা সহযোগিতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মহাকাশ সংস্থার মধ্যে এ বিষয়ে চুক্তি হয়। এর আওতায় পাকিস্তানের দুই নাগরিক জিশান আলী ও খুররম দাউদকে চীনে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। কয়েক মাসের প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে এই অভিযানের জন্য নির্বাচিত হন জিশান।

এ অভিযানের মাধ্যমে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও নতুন অধ্যায় যুক্ত হলো। দেশটির মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো বিদেশি মহাকাশচারী অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তিয়াংগংকে গড়ে তোলার চীনের প্রচেষ্টায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের জন্যও এই অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ২০২৩ সালে দেশটির নাগরিক নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের একটি বাণিজ্যিক মহাকাশযানে চড়ে মহাকাশের প্রান্তে গিয়েছিলেন। তবে কক্ষপথে পৌঁছে মহাকাশ স্টেশনের অভিযানে অংশ নেওয়ার ঘটনা এবারই প্রথম। সূত্র : রয়টার্স 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192433