সৌদির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির সবচেয়ে উঁচু ভবনে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কয়েক দিনের ব্যবধানে একই স্থাপনায় দ্বিতীয়বারের মতো হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে রয়েছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন করে উদ্বেগের মুখে ফেলেছে। বিশেষ করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ হামলায় ১১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ভবনের একটি ছবিও প্রকাশ করেছে তারা। ছবিতে ভবনটির মাঝামাঝি অংশের সম্মুখভাগে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।
এর আগে গত ১৯ নভেম্বর একই ভবনে হামলা চালিয়েছিল হুথিরা। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই হামলার ক্ষয়ক্ষতির ধরনে কিছুটা মিল রয়েছে বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে। তবে সর্বশেষ হামলায় ভবনটির ঠিক কতটা ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের আর্থিক অঞ্চলে অবস্থিত একটি সুউচ্চ ভবনকে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি জোটটি।
ইয়েমেনের রাজধানী সানা-সহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুথি বিদ্রোহীরা। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের প্রভাবে ইয়েমেনের স্থগিত থাকা গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠে। এরপর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো এবং বিভিন্ন দপ্তর ও বাণিজ্যিক ভবনে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192430