সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

মফস্বল ডেস্ক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো ১৭ হাজার টাকা ঘোষণার পরও সকালে সাভারের হেমায়েতপুরে মাঠে নামেন শ্রমিকরা। মজুরি বোর্ডের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তারা আন্দোলন শুরু করেন। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকদের ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজ না করে কর্মবিরতি পালন শুরু করেন। এসময় ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি দিয়ে দেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে পদ্মার মোড় এলাকাসহ বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন শ্রমিকরা। 

শুরুতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা সড়ক ও অবরোধের চেষ্টা চালায়। এ পর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে প্রথমে ট্যানারি রোডে থাকা শ্রমিকদের ধাওয়া দেয়, এরপর তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বেধে যায় সংঘর্ষ। পরে পুলিশের তোপের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, হেমায়েতপুর এখন স্বাভাবিক আছে। কয়েকটি পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192421