ইসরায়েলের ক্ষমতার লড়াইয়ে এগিয়ে গেল আইজেনকোট

ইসরায়েলের ক্ষমতার লড়াইয়ে এগিয়ে গেল আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াইয়ে প্রথম জোটসঙ্গী পেয়েছে সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনের চুক্তি করেছে। দলটির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই সমঝোতার মধ্য দিয়ে সরকার গঠনের পথে এক ধাপ এগোলো আইজেনকোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন সাবেক এই ইসরায়েলি সেনাপ্রধানের। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা চলছে। ফলে ইসরায়েলের ক্ষমতার সমীকরণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইয়াশার পার্টি জানিয়েছে, দলটির নেতা ও সাবেক সেনাপ্রধান আইজেনকোট মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করে। পরে তারা জোট গঠনের বিষয়ে একমত হয়। গত অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম কোনো জোটসংক্রান্ত চুক্তি। মূলত গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দলই পার্লামেন্টে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই ইসরায়েলের পার্লামেন্টের শপথ অনুষ্ঠান হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে তার বিরোধীরাও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেনি।

এমন অবস্থায় সকল দলের সঙ্গে আলোচনার পর নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এদিকে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। ইসরায়েলের নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। তবে চাইলে সে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহুকে সেই সুযোগ দেয়া হবে। এরপরও কেউ জোট সরকার গঠন করতে না পারলে আগামী বছর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র : জেরুজালেম পোস্ট 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192418