চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলিফ (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনাস্থলে থাকা নিহতের স্কুল ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে সে তার আত্মহত্যার কথা লিখে গেছে। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছে। চিরকুটে লেখা ভাষ্য অনুযায়ী, বাবা-মায়ের ওপর কোনো কারণে অভিমান করে মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এসময় রেললাইনের মাঝে বসে পড়ে আলিফ। পরে ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে সে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী জানান, ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে নিহত আলিফের পরিচয় যাচাই করতে সক্ষম হয় পরিবারের লোকজন। ঘটনাস্থলের পাশেই নিহত তরুণের একটি স্কুল ব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, চিরকুটটিতে আলিফ তার আত্মহত্যা করার কথা লিখে গেছেন।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস গোধূলী’ ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে রেলওয়ের নিরাপত্তা কর্মীরা ব্যাগ ও চিরকুটটি জব্দ করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরকুটে আলিফ যা লিখে গেছে : শুরুতে সময় লেখা বিকেল ৪টা ২৯ মিনিট। এরপর লেখা শুরু। প্রথমত আমার এই মৃত্যুর জন্য আমি আলিফ ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নন। আমার এটি শেষ ইচ্ছা যে, আমার মৃত্যু নিয়ে যেন কোন প্রকারের তদন্ত কার্যক্রম না হয়। আবারো বলছি, আমার মৃত্যু তথা আত্মহত্যার জন্য অন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে যেন কোন প্রকার তদন্ত কার্যক্রম সাধিত না হয়ে থাকে।
এরপর তার বাবা-মাকে উদ্দেশ্য করে লেখা-বাবা ও মা মনি তোমরা প্লিজ ইউএসএ যাওয়া বন্ধ করো না। নইলে আমি যেখানেই থাকি না কেন, ভালো থাকবো না। প্লিজ বাবা-মা মনি, তোমাদের ইউএসএ যেতেই হবে। এটলিস্ট আমার ভাই আয়ানের জন্য। নইলে এই পরিবেশে আয়ানের জীবনটাও আমার মতই হয়ে যাবে। আয়ান কে কখনো কোনো মানসিক চাপ দিও না। ওকে নিজের মত জীবনে বড় হতে দাও। এই সমাজের কাছে কোন ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে স্যরি। প্লিজ আপনারা ক্ষমা করবেন।
এরপর স্বাক্ষর। সময় বিকেল ৪টা ৪৬ মিনিট।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192414