আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন
রাজনীতিতে নিজের দীর্ঘদিনের পথচলা ও আন্দোলনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, হঠাৎ করে রাজনীতিতে আসেননি বা রাতারাতি নেতা হয়ে ওঠেননি; দীর্ঘ সময় ছাত্ররাজনীতি এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ডিআরইউতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই মানুষ তাকে চিনেছে। তিনি সবসময় সহনশীলতার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেছেন এবং তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে নিজের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
রাজনৈতিক সহনশীলতা ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে সহনশীল হতে হবে। তবে গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক টার্গেট করা হচ্ছে এবং দলটিকে ভিলেন বানানোর অপচেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য নয়। জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ঐক্যের কথা বলেছেন এবং সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে তারা সবসময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন এবং প্রয়োজনে ছাড় দিতেও প্রস্তুত।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই স্বাক্ষরিত সনদে একমত হয়েছে। সরকারও সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক বা শর্ত আরোপের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192401