আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে : নাহিদ ইসলাম

আওয়ামী লীগ কর্মীরা ভারত থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে : নাহিদ ইসলাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ভারত থেকে এসব কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান।

নাহিদ ইসলাম বলেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে অধ্যাপক ইউনূসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। ক্ষুদ্রঋণ কর্মসূচির স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছিল। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে, যা ব্যাংক ও দেশের জন্য দুটি ঐতিহাসিক মাইলফলক।

এনসিপির আহ্বায়ক বলেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে সম্পৃক্ততার কারণে গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তু করা হলেও ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলাগুলো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার চিত্র তুলে ধরেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে, ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করতে এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কার্যক্রম পরিচালনা করছে। এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে, দলটির মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ চিত্র স্বীকার করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া অভ্যুত্থানের সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192396