২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালে বিশ্বজুড়ে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি)। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে বছরে ৪৫ হাজার থেকে ৫১ হাজার নারী ও কন্যাশিশু নিহত হচ্ছেন।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছর প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাদের মধ্যে ৬০ শতাংশ নিজ বাড়ি বা পারিবারিক পরিবেশে নিহত হয়েছেন। অন্যদিকে, হত্যার শিকার পুরুষদের ক্ষেত্রে নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে নিহত হওয়ার হার মাত্র ১১ শতাংশ।

জাতিসংঘ বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে।

বিশ্বের কোনো অঞ্চলই নারী ও কন্যাশিশু হত্যার এ প্রবণতা থেকে মুক্ত নয়। তবে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার ঘটনায় শীর্ষে রয়েছে আফ্রিকা। গত বছর এ অঞ্চলে ২২ হাজার ১০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। এরপর এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড কমছে তুলনামূলক ধীরগতিতে। আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত। পাশাপাশি বিচার পাওয়ার ক্ষেত্রেও নারীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।

লিঙ্গের কারণে নারী ও কন্যাশিশুকে হত্যার ঘটনাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এ সংজ্ঞার আওতায় পড়ে।

তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের পর্যাপ্ত তথ্য নেই। ফলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ফেমিসাইডের প্রকৃত চিত্র ও ব্যাপ্তি নির্ধারণ করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192395