খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিম নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মৃত মোহাম্মদ শেখের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সোয়া ৮টার দিকে কল্পতরু মার্কেটের কাছে একটি চায়ের দোকানে অজ্ঞাত দুই ব্যক্তির সঙ্গে চা পান করেন হালিম। পরে মোটরসাইকেলে মুচিপাড়া হয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে আজিজুরের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে তিনটি গুলি তার বুকে ও একটি মাথায় লাগে।

ওসি মোরাদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হালিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, হালিম চলতি বছরের শুরুর দিকে কক্সবাজারে গুলিতে নিহত নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী টিপুর সহযোগী ছিলেন। টিপুর মতো স্থানীয় একটি চরমপন্থি দলের শীর্ষ নেতার সঙ্গে তারও পূর্বশত্রুতা ছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে চায়ের দোকানের পাশে ক্যারাম খেলতে থাকা বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতপুরের দিক থেকে হেলমেট পরা তিন যুবক মোটরসাইকেলে এসে প্রথমে এক রাউন্ড গুলি ছোড়ে। তা লক্ষ্যভ্রষ্ট হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা আরও তিন রাউন্ড গুলি চালায়, সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যাওয়ার সময় ফাঁকা স্থানে আরও দুই রাউন্ড গুলি ছোড়ে তারা। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত না হলেও এর কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসবিরোধী যৌথবাহিনীর অভিযান চলছে। এ সময়ে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। কয়েক দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় তিনটি গুলির ঘটনাসহ মোট পাঁচটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192391