বগুড়ায় শামীম হত্যা মামলায় পিতা ও দুই ছেলের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় চোর সন্দেহে ভ্যান চালক শামীম (৩২) হত্য মামলার পিতা-পুত্র সহ তিন আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। এই আসামিরা হলো বগুড়া সদর উপজেলার বারপুর উত্তরপাড়ার এবি এম শাফি ওরফে এবি এম শাফিকুর রহমান এবং তার দুই ছেলে নাজমুল হোসেন কাইয়ুম ও সালাউদ্দিন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান, হাজতি ওই আসামিদের জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়ার (চৌমুহনী) গ্রামের নিহত ভ্যানচালক শামীমের স্ত্রী রুমানা বেগম কর্তৃক ১০ জনের নাম এজাহারে উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ১২ জন উল্লেখ করে দায়েরকৃত এই মামলার অভিযোগে বলা হয়েছে যে, গত ৩১ আগস্ট রুমানা বেগমের বোনের জামাই মিন্টু মারা যাওয়ায় রুমানা বেগম তার স্বামী শামীমকে নিয়ে তার বাবা ও বোনের বাড়ি দশটিকা আদর্শ গ্রামে যায় এবং সেখানে সে তার স্বামী সহ থাকে।
পরের দিন ১ সেপ্টেম্বর ভোর সোয়া ৪ টার দিকে শামীম হাটার জন্য দশটিকা আদর্শ গ্রামের টিএমএসএস ইলেট্রনিক্স শো রুমের রাস্তায় উপর পৌঁছিলে আসামিরা চোর সন্দেহে তাকে মারপিট করে গুরুতর আহত করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
পরে নুনগোলা ইউনিয়ন পরিষদের ডিউটিরত গ্রাম পুলিশ লোককজনের সহায়তায় উদ্ধার করে আহত শামীমকে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এদিকে ওই সংবাদ পেয়ে রুমানা বেগম নুনগোলা ইউনিয়ন পরিষদে যায় এবং তার স্বামী শামীমকে অচেতন এবং আশংকা জনক অবস্থায় দেখতে পেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শামীমকে মৃত ঘোষনা করে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড, আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. এ কে এম মাহবুবর রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192389