সহজ উপায়ে টয়লেটের দাগ দূর করবেন যেভাবে
টয়লেটের বাটিতে গোলাপি, হালকা বাদামি বা ধূসর দাগ দেখা যাওয়া খুবই সাধারণ। ব্যাকটেরিয়া জমে এসব দাগ তৈরি হয়। সেরাটিয়া মার্সেসেন্স নামের একধরনের ব্যাকটেরিয়া জমে থাকা পানির আশপাশে দ্রুত বংশবিস্তার করে। এ কারণে টয়লেটের পানির স্তর বরাবর প্রায়ই গোলাপি রেখার মতো দাগ দেখা যায়।
এ ধরনের দাগ দূর করার অনেক উপায় রয়েছে। বাজারে পাওয়া টয়লেট পরিষ্কারের তরল বা ব্লিচ ব্যবহার করা যায়। আবার ভিনেগারের মতো ঘরোয়া উপাদান দিয়েও দাগ পরিষ্কার করা সম্ভব।
টয়লেট পরিষ্কারের জন্য ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মেশানোর কথা ভাবতে পারেন অনেকে। এতে ফেনা তৈরি হয়, যা বাটির গায়ে আটকে থাকা ময়লা দ্রুত আলগা করতে সাহায্য করতে পারে। তবে বাস্তবে টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে ভিনেগার একাই বেশি কার্যকর।
কেন শুধু ভিনেগার ব্যবহার করাই ভালো
ভিনেগারের অম্লীয় বৈশিষ্ট্য টয়লেটের বাটির দাগ দূর করতে সাহায্য করে। এটি ময়লার কণার বৈদ্যুতিক আধান পরিবর্তন করে। ফলে কণাগুলো পানির প্রতি বেশি আকৃষ্ট হয় এবং সহজে মুছে ফেলা যায়। এ জন্য বেকিং সোডা মেশানোর প্রয়োজন নেই। ভিনেগার একাই খনিজ পদার্থের আস্তরণ, পানির কারণে তৈরি চুনের দাগ এবং এ ধরনের অন্যান্য অজৈব দাগ দূর করতে কার্যকর।
এ ছাড়া ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মেশালে এর অম্লীয় বৈশিষ্ট্য প্রশমিত হয়ে যায়। ফলে পরিষ্কারের ক্ষমতাও কমে।
টয়লেটের বাটি পরিষ্কারের সময় এমন কোনো উপাদান ব্যবহার না করাই ভালো, যা এর মসৃণ চীনামাটির পৃষ্ঠে আঁচড় ফেলতে পারে। স্টিল উলের প্যাড ও ঘষার প্যাড এ ক্ষেত্রে এড়িয়ে চলা উচিত। বেকিং সোডাও কিছুটা ঘষামাজা করে পরিষ্কারের কাজ করে, যদিও এটি তুলনামূলক কম ক্ষতিকর।
মনে রাখতে হবে, ভিনেগার ক্ষতিকর জীবাণু দূর করতে পারে। তবে নিবন্ধিত জীবাণুনাশক হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো কার্যকর নয় এটি। তাই দাগ দূর করার পাশাপাশি টয়লেট জীবাণুমুক্ত করতে চাইলে হাইড্রোজেন পারঅক্সাইড বা বাজারে পাওয়া জীবাণুনাশক ব্যবহার করুন।
টয়লেটের বাটির দাগ স্থায়ীভাবে দূর করবেন যেভাবে
সেরাটিয়া মার্সেসেন্স ব্যাকটেরিয়ার বংশবিস্তার পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তবে নিয়মিত পরিষ্কার রাখলে টয়লেটের বাটিতে দাগ জমা প্রতিরোধ করা যায়। এ জন্য ভিনেগার (প্রায় দুই কাপ) অথবা বাজারে পাওয়া পরিষ্কারক ব্যবহার করতে পারেন।
প্রথমে টয়লেটের বাটির ভেতরের দেয়ালে পরিষ্কারক ঢেলে দিন। অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর নরম ব্রিসলের টয়লেট ব্রাশ দিয়ে দাগযুক্ত জায়গাগুলো আলতোভাবে ঘষুন। ব্রাশটি সরিয়ে নিয়ে ফ্লাশ করে দিন।
বিশেষজ্ঞরা সপ্তাহে একবার বা দুবার টয়লেটের বাটি পরিষ্কারের পরামর্শ দেন। আর ব্যবহৃত পরিষ্কারকের ধরন এবং প্রতিবার পরিষ্কারের পর ব্রাশটি পুরোপুরি শুকায় কি না, তার ওপর নির্ভর করে সপ্তাহে একবার থেকে মাসে একবার টয়লেট ব্রাশও পরিষ্কার করা উচিত।
সূত্র: দ্য স্প্রুস
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192387