বগুড়ায় ‘রকেট চানাচুর’ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় ‘রকেট চানাচুর’ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার বানদিঘীতে অবস্থিত ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর রকেট চানাচুর কারখানায় যৌথ অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া স্টেইনলেস স্টিলের (এসএস) ট্রে ব্যবহার না করে নোংরা মেঝেতে রেখে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মেশানো হচ্ছিল।

পাখির বিষ্ঠাসহ অপরিচ্ছন্ন মেঝেতে তৈরি খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ, শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাদ্য তৈরি, কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানা এবং কারখানায় স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এসআরবি-১২, বগুড়ার একটি দল উপস্থিত ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192382