বগুড়ার দত্তবাড়ি ও সান্দারপট্টিতে পুলিশের বিশেষ অভিযান, ৪৫ জন ছিনতাইকারী ও পকেটমার গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ‘ক্রাইম জোন’ বলে পরিচিতি পাওয়া দত্তবাড়ি ও উত্তর চেলোপাড়ার সান্দারপট্টি এলাকাকে ঘিরে পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। গত আড়াই মাসে এদুটি এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫ জন পকেটমার ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বলেন, মানুষের জানমাল রক্ষায় এদুটি এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত আড়াই মাসে উত্তর চেলোপাড়ার সান্দারপট্টি ও দত্তবাড়ি এলাকা থেকে ৪৫ জন পকেটমার ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদেরকে আদালতে পাঠানো হয়। শুনানিশেষে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
ওই আসামিদের মধ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত কেউ জামিন পায়নি। ওসি আরো বলেন, দত্তবাড়ি, উত্তর চেলোপাড়ার সান্দারপট্টিসহ মহানগরের বিভিন্ন স্থানে চোর, ছিনতাইকারী ও পকেটমারদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডকে ঘিরে অপরাধীদের তৎপরতা বেড়েছে। প্রায়ই সেখানে যাত্রীদের কাছ থেকে ব্যাগ,মোবাইল ফোন ও টাকা ছিনতাই, ব্লেড ব্যবহার করে প্যান্ট, শার্ট ও পাঞ্জাবির পকেট কেটে টাকা বের করে নেয়া, অটোরিকশা ও ইজিবাইক থেকে মালামাল ভর্তি ব্যাগ টেনে নিয়ে যাওয়ার মত অপরাধ সংঘিিটত হয়ে আসছে।
পাশের দত্তবাড়ি ব্রিজ পার হয়ে উত্তর চেলোপাড়ার সান্দারপট্টি থেকে আসা সংঘবদ্ধ অপরাধীদের কয়েকটি গ্রুপ দত্তবাড়িতে এসে এসব অপরাধ করে যাচ্ছে। তাদের অত্যাচার ও উপদ্রবে সাধারণ শান্তকামি মানুষ অতিষ্ট। তাদের বাধা দিলে বা আটক করলেই বিপদ।
কয়েকদিন আগে বাধা পেয়ে তারা একজন আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এছাড়া সদর থানার একজন পুলিশ কর্মকর্তাকে বেদম মারপিট পর্যন্ত করেছে। তবে এই অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযাণকালে গত আড়াই মাসে ওই ৪৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192380