রাব্বি হত্যা: জয়পুরহাটে সন্দেহভাজন যুবক গ্রেফতার, বগুড়ায় অটোভ্যান উদ্ধার

রাব্বি হত্যা: জয়পুরহাটে সন্দেহভাজন যুবক গ্রেফতার, বগুড়ায় অটোভ্যান উদ্ধার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে কিশোর অটোভ্যানচালক রাব্বি হাসান (১৭) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জোবায়ের হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে বগুড়া শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকার একটি গলি থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জোবায়ের হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাড়ইল গ্রামের মোফাজ্জল হোসেন মোফার ছেলে। আর নিহত রাব্বি হাসান একই উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাব্বি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা-পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে জোবায়ের হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বগুড়ার হাড্ডিপট্টি এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে রাব্বি হত্যায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192375