বগুড়া কারাগারে তিনগুণের বেশি বন্দি থাকতে হচ্ছে গাদাগাদি করে, চিকিৎসা সেবা অপ্রতুল
স্টাফ রিপোর্টার : বগুড়া কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণেরও বেশি বন্দি রয়েছে। এজন্য গাদাগাদি করে থাকতে হচ্ছে বন্দিদের। ৭৭৫ জনের ধারণ ক্ষমতার এই কারাগারে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত বন্দি ছিল ২ হাজার ৪শ’ জন।
এর মধ্যে আবার ৮৭৮ জন বন্দিই মাদক মামলার আসামি। যা মোট বন্দির এক তৃতীয়ংশ। প্রতিদিন গড়ে ৫০ জন করে আসামিকে আদালত থেকে কারাগার পাঠানো হয় আর প্রতিদিন জামিনে ছাড়াও পায় গড়ে ৪০ জন করে বন্দি।
এদিকে,কারাগারের অভ্যন্তরে একটি কারা হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসা সেবা অপ্রতুল। রয়েছে চিকিৎসক সংকট। নিয়মিত রোগী দেখেন মাত্র একজন চিকিৎসক। সপ্তাহে একদিন আসেন দন্ত ও মনো চিকিৎসক। যে কারনে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননা বন্দিরা। এছাড়া খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে বন্দিদের। জামিনে কারাগার থেকে ছাড়া পাওয়া একাধিক বন্দি এমন অভিযোগ করেছেন।
বগুড়া জেল সুপার মো. আসাদুর রহমান কারা হাসপাতালে অপর্যাপ্ত চিকিৎসার কথা স্বীকার করে বলেন,কারা হাসপাতালে চিকিৎসার মান ও চিকিৎসক বৃদ্ধির বিষয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়া জেলা আইন শৃংখলা বিষয়ক সভায় তিনি বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, কারাগারে মানহীন খাবার পরিবেশনের সুযোগ নেই। সরকারি বরাদ্দ অনুযায়ী প্রতিদিন বন্দিদের মান সম্পন্ন্ খাবার দেয়া হয়। কারাগার সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত বগুড়া কারাগারে পর্যন্ত বন্দি রয়েছে ২৪০০ জন। এর মধ্যে নারী বন্দি রয়েছে ৯৫ জন। তিন মা বন্দির সাথে কোলের তিন শিশুও রয়েছে। মোট ২৪০০ বন্দির মধ্যে কয়েদি আসামি রয়েছে ৫৭০ জন এবং হাজতি আসামি রয়েছে ১৮৩০ জন।
কারাগারে সেল ২০টি। পুরুষ ওয়ার্ড ১৯টি। ১৩২০ বর্গফুটের প্রতিটি ওয়ার্ডে রাখা যায় ১০০ জন বন্দিকে। সেইসাথে গত ২ বছরে কারাগার হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৫ জন বন্দি। হৃদরোগ ও স্ট্রোক হওয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ।
কারা সূত্র আরো জানায়,কারা হাসপাতালে শয্যা রয়েছে ৪০টি। কারা হাসপাতালে নিয়মিতভাবে দায়িত্ব পালন করেন একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স, একজন ফার্মসিস্ট। এছাড়া সপ্তাহে একদিন করে দন্ত ও মনো চিকিৎসকও কারা হাসপাতালে এসে দায়িত্ব পালন করে থাকেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৬ জুন রাতে বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে পালিয়ে যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামি। পরে অবশ্য জনতার সহযোগিতায় পুলিশ এই চার আসামিকে গ্রেফতার করে। এরপর থেকেই কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানেও নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে কারাগারে।
উল্লেখ্য, বগুড়া মহানগরের জলেশ্ব¦রীতলা এবং মালতীনগর এলাকার করতোয়া নদীর পাড়ে ১৮৮৩ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা কারাগার নির্মিত হয়। তখন হতেই বগুড়া জেলা কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়। আধুনিক বিচার ব্যবস্থা ও আইন শৃংঙ্খলা রক্ষায় অতীব গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে কারা ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছে। বগুড়া জেলা কারাগারের জমির পরিমাণ ১৪.৬৬২৫ একর ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192370