নাটোরে উৎপাদিত হচ্ছে বছরে ৬শ’ কোটি টাকার অ্যালোভেরা : দক্ষতা প্রশিক্ষণ পাচ্ছেন চাষিরা
নাটোর প্রতিনিধি : দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া। বছরে প্রায় এক হাজার কোটি টাকার ভেষজ উদ্ভিদের বাণিজ্য হচ্ছে। বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি, পণ্যের গুণগত মান নিশ্চিত এবং কৃষকদের বাজারজাতকরণে দক্ষ করে তুলতে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাটোর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এতে লক্ষ্মীপুর-খোলাবাড়িয়াসহ সংশ্লিষ্ট এলাকার ৫০ জন কৃষক ও কৃষানি অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। এখানকার উৎপাদিত ভেষজ ওষুধ, প্রসাধনী ও খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
এ খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদনের পরিধি বাড়ানোর পাশাপাশি বিপণনব্যবস্থার উন্নয়ন, নিরাপদ উৎপাদন এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। এলক্ষ্যে প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভেষজ উদ্ভিদ চাষের অর্থনৈতিক গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া এলাকায় বছরে প্রায় ১৮ হাজার ৫শ’ টন অ্যালোভেরা উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রায় ৬শ’ কোটি টাকা। এ ছাড়া বছরে প্রায় ২ হাজার টন শিমুলমূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। এসব ভেষজের সম্মিলিত বার্ষিক বাজারমূল্য অন্তত এক হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, ভেষজ উদ্ভিদ চাষের এ বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। তবে উৎপাদিত কাঁচামাল সরাসরি বিক্রির পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ এবং অনলাইন ও প্রাতিষ্ঠানিক বাজারের সাথে কৃষকদের সংযোগ তৈরি করা গেলে এ খাতে বাণিজ্যের পরিধি আরও বাড়বে।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: হাবিবুল ইসলাম খান বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের শুধু উৎপাদন কৌশল নয়, ভেষজ পণ্যের বাণিজ্যিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং ন্যায্যমূল্য প্রাপ্তির বিষয়ে সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192361