বগুড়ার মোকামতলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বগুড়ার মোকামতলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : মোকামতলা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের  নামে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয় উপজেলার রহবল ইউনিয়নের ভরিয়া পশ্চিম পাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৫) ভরিয়া পূর্ব পাড়া গ্রামের সাবলু মিয়ার কাছ থেকে ৫৪ শতক পরিমাণ পুকুর পত্তন (লিজ) নিয়ে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। এক পর্যায়ে পুকুর লিজ নেওয়ার পর থেকে ওই গ্রামের ৩-৪ জন ব্যক্তি মাছ চাষ না করার জন্য মোস্তাফিজুর রহমানকে নিষেধ করেন এবং হুমকি দিতে থাকেন।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগটি একজন এসআই এর মাধ্যমে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192352