বগুড়ার দুপচাঁচিয়ায় ৫টি ওষুধের দোকানে ৮২ হাজার টাকা জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮২ হাজার টাকা জরিমানা করেছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, এদিন ভ্রাম্যমান আদালত ওষুধ তত্বাবধায়ক (ড্রাগ সুপারভাইজার) জেসমিন বেগমসহ উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় নজরুল ইসলামের মালিকানাধীন মৌসুমি ফার্মেসীতে অভিযান চালান, এসময় অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণসহ নমুনা ওষুধ রাখার অপরাধে ৩৫হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও একই অপরাধে দেলোয়ার হোসেন এর মালিকানাধীন রিপন ফার্মেসীকে ৫ হাজার টাকা, আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন তোতা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, দেলোয়ার হোসেনের মালিকানাধীন মাহি ফার্মেসীকে ৪ হাজার টাকা ও জনি কুমার সাহার মালিকানাধীন তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, অনুমোদনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ওষুধের দোকানে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192325