নেত্রকোনায় ২ বছর ১০ মাসের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়ায় ২ বছর ১০ মাসের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অন্তর মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে গতকাল সোমবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ, ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলার একটি গ্রামে বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী নয়ন মিয়ার ছেলে অন্তর মিয়া তাকে ডেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য শিশুটিকে খুঁজতে গিয়ে ডাকাডাকি শুরু করেন তার মা। মায়ের ডাক শুনে অভিযুক্ত অন্তর শিশুটিকে ছেড়ে পালিয়ে যান। পরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে শিশুটি মাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অভিযুক্ত অন্তরকে খুঁজতে শুরু করেন।
পরে বিকেলে পাশের একটি বাজারে স্থানীয় লোকজন অন্তর মিয়াকে দেখতে পেয়ে আটক করেন। এ সময় তাঁকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নিয়ে থানায় যায়। এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।