বাংলাদেশের মানসিক প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন সহকারী কোচ
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল চরম হতাশার। মাত্র ৯১ রানেই প্রথম ইনিংসে অলআউট হয়েছে সফরকারীরা। সেঞ্চুরিয়নে এই প্রথম ১০০ করার আগেই অলআউট হলো কোনো দল। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডকে ১০১ রানে গুঁড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতার চোখে, এই বিপর্যয়ের পেছনে শুধু প্রতিপক্ষের বোলিং নয়, নিজেদের ভুল সিদ্ধান্তও বড় কারণ। তবে সেই ভুল সিদ্ধান্তের পেছনে মানসিক প্রস্তুতির ঘাটতিকেই বড় করে দেখছেন এই প্রোটিয়া কোচ। মাকেতা মনে করেন, দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ তৈরি করলেও বাংলাদেশি ব্যাটাররা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতেন। কিছু ভালো বল ছিল ঠিকই, তবে এত দ্রুত গুটিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দিনটি সামগ্রিকভাবে খুব হতাশার ছিল। স্কোরকার্ডই তা বলে দিচ্ছে। আমাদের জন্য মূল সমস্যা ছিল সিদ্ধান্ত নেওয়া, যার ফলে কিছু উইকেট সহজেই হারাতে হয়েছে। ভালো কিছু বল ছিল, তবে আমাদের এভাবে গুটিয়ে যাওয়ার মতো যথেষ্ট ভালো বল ছিল না।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট খেলার পর দক্ষিণ আফ্রিকায় গিয়ে মাত্র দুদিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে এরপরও প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল টাইগাররা। প্রথম টেস্টের সেই পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই সেঞ্চুরিয়নে ভালো করার লক্ষ্য ছিল বাংলাদেশের।
সেঞ্চুরিয়নে অবশ্য টানা বৃষ্টিতে প্রথম দিনের খেলা শুরু হয়েছে লাঞ্চের পর। টস ভাগ্যটাও পক্ষে আসেনি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে। তবে মাকেতা বলছেন, এমন পরিস্থিতিতে মানসিকভাবে প্রস্তুত থাকাটা খুব জরুরি, ‘এটার বড় প্রভাব আছে। দেশের বাইরে আমরা খুব বেশি টেস্ট খেলিনি। ওয়ান্ডারার্সে ভালো করার পর এখানে এসে দীর্ঘ বৃষ্টিবিরতির পর টস হারতে হয়েছে। অল্প সময়ের মধ্যে ব্যাটিংয়ে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আজ সম্ভবত আমরা মানসিকভাবে পিছিয়ে ছিলাম। বিষয়টি হতাশাজনক।’
ব্যাটারদের টেকনিক নিয়ে অবশ্য খুব বেশি প্রশ্ন তুলছেন না মাকেতা। তার মতে, সামর্থ্য আছে, কিন্তু বাউন্সি উইকেটে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না তারা। বিশেষ করে ইনিংসের শুরুতে তাড়াহুড়ো না করে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার জায়গায় ঘাটতি রয়েছে। মাকেতা বলেন, ‘আমরা আউট হওয়ার ধরনগুলো নিয়ে অনেক কাজ করছি। দক্ষিণ আফ্রিকাও জানে কোথায় বল করতে হবে, আমরাও জানি তারা কোথায় বল করবে। এই ভুলগুলো কমানোর চেষ্টা করছি। আউট হওয়ার ধরন দেখলে বোঝা যায়, এগুলো মানসিক ভুল। নিজেদের প্রক্রিয়া অনুসরণ করে ইনিংসের শুরুতে সময় দিতে পারলে আমরা আরও সফল হবো। কিন্তু বাউন্সি উইকেটে এখনো সেই পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না।’
বাংলাদেশের ব্যাটিংয়ে লিটন দাসকে বারবার চাপের মধ্যে নামতে হচ্ছে বলেও মনে করেন মাকেতা। তার মতে, একজন ব্যাটারের কাছ থেকে প্রতিবার রান আশা করা ঠিক নয়। অন্যদের দায়িত্ব নিতে হবে, যেন লিটন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, ‘লিটন এই চক্রে আমাদের জন্য খুব ভালো করেছে। সে দারুণ খেলোয়াড়। তবে সব সময় একই খেলোয়াড়ের কাছ থেকে রান আশা করা যায় না। অন্য ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। প্রতিবার চার উইকেট পড়ে যাওয়ার পর লিটনকে ব্যাটিংয়ে নামতে হলে তা তার ক্রিকেটের জন্যও ভালো নয়, দলের পরিকল্পনার জন্যও নয়।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192275