কেঁদে কেঁদে ভোট চাইলেন মাহি
বিনোদন ডেস্ক : বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ নভেম্বর সকাল ৬টায় ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোতে বসতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। শতাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে প্রতিনিধিত্ব করছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
গ্র্যান্ড ফিনালের ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে মাহির পথচলা ও মুকুট জয়ের সম্ভাবনা নিয়ে দেশের দর্শক ও ভক্তদের মাঝে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। এর মাত্র এক দিন পর, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এত কম সময়ের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ায় প্রতিযোগিতার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ খুব একটা পাননি মাহি। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি এই আসরে দর্শকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের প্রতিযোগিতায় মাহির পক্ষে ভোট দিতে দেশের মানুষের মধ্যে দারুণ উচ্ছ্বাস ও আগ্রহ দেখা গেছে।
একপর্যায়ে দর্শকভোটে বেশ শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। এমনকি ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সাপ্তাহিক ভোটে শীর্ষে এবং সর্বমোট ভোটের হিসাবে তৃতীয় অবস্থানে থাকার কথাও জানা গিয়েছিল। দর্শকদের এই ভোটের মাধ্যমে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে, যদিও ভোটের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তনশীল।
কঠিন পরিশ্রম ও ত্যাগের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে লড়াই চালিয়ে যাচ্ছেন মাহি। শারীরিক ক্লান্তি ও গায়ে জ্বর নিয়েও মঞ্চে পারফর্ম করছেন তিনি, দৈনিক মাত্র দুই ঘণ্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন বলে এক ভিডিও বার্তায় জানান এই প্রতিযোগী। নিজের অবস্থার কথা বলতে গিয়ে সেখানে কেঁদে দেন মাহি। দেশের হয়ে এই নিরলস পরিশ্রমের মাঝে শেষ মুহূর্তে দর্শকদের ভোটকেই সবচেয়ে বড় শক্তি মনে করছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৬-এর প্রিলিমিনারি প্রতিযোগিতায় আমার পারফরম্যান্সের পর আপনাদের কাছ থেকে যে অসাধারণ ভালোবাসা, প্রশংসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে। বিশ্বের এত বড় একটি মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত। এই অর্জন শুধু আমার একার নয়, আপনাদের সবার। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাকে প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণা জুগিয়েছে।’
শেষ দিনের লড়াইয়ে দেশবাসীর পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আর মাত্র ১ দিন বাকি। এবার আপনাদের ভোটেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পালা। আমি আপনাদের প্রতিনিধি, আর এই যাত্রা আমাদের সবার। তাই শেষ মুহূর্ত পর্যন্ত আমার পাশে থাকুন, ভোট দিয়ে বাংলাদেশকে জেতাতে সাহায্য করুন। নিজে ভোট দিন, পরিবার ও বন্ধুদের ভোট দিতে উৎসাহিত করুন। এই শেষ মুহূর্তে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। আসুন, বাংলাদেশকে গর্বিত করি।’ ফ্রি ভোটের পাশাপাশি পেইড ভোট দেওয়ার মাধ্যমেও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন এই প্রতিযোগী।
আয়োজক সূত্রে জানা গেছে, পুয়ের্তো রিকোর স্থানীয় সময় ২৪ নভেম্বর রাত ৮টায় গ্র্যান্ড ফিনালে শুরু হবে, যা বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ নভেম্বর সকাল ৬টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ এবং মিস ইউনিভার্স ২০২২ বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েল। চূড়ান্ত পর্বে বর্তমান মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192274