পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ আবার বসবে মজুরি বোর্ডের সভা।

চতুর্থ বোর্ড সভাটি মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। 

এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরে।

তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192261