নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কেঁপে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। একই সঙ্গে ভারত, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
ভারতের এনসিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের স্থানাঙ্ক ছিল ২৭.৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭.৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তবে ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের সিকিমের মাঙ্গান শহরের ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
ভূমিকম্পের কম্পন ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192249