লিবিয়া থেকে মঙ্গলবার দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে মঙ্গলবার দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে দেশে ফিরছেন। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে তারা ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। দেশে ফিরতে যাওয়া ১৭৪ জনের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু এবং দক্ষতা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফলে লিবিয়া থেকে পর্যায়ক্রমে আরও বাংলাদেশির প্রত্যাবাসন অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192244