বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি বলে স্পষ্ট জানিয়েছেন দলটির সাবেক নেত্রী রুমিন ফারহানা। এমনকি তার কোনো বক্তব্য বা আচরণেও দলে ফেরার ইঙ্গিত নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান রুমিন ফারহানা।
পোস্টে তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করিনা। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
এর আগে গত রোববার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের অনেকে ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি বা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর ওই বক্তব্যের পর রুমিন ফারহানার বিএনপিতে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192239