বগুড়ায় একই জমিতে চাষ ও সৌরবিদ্যুৎ, কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা আসবে জাতীয় গ্রীডে আলো
স্টাফ রিপোর্টার : একই জমিতে ফসল ফলিয়ে এবং সৌরবিদ্যুৎ উৎপাদন করে বগুড়ায় দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আখতারুজ্জামান। অস্ট্রেলিয়ায় দীর্ঘ ২৪ বছরের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশেই এই সমন্বিত মডেল গড়ে তুলেছেন।
এখন তার উৎপাদিত বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রীডেও যুক্ত হচ্ছে। পাশাপাশি ‘এক গ্রাম এক মেগাওয়াট বিদ্যুৎ’ ধারণা বাস্তবায়নে কাজ করছেন তিনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ অর্থনীতিতে দূষণমুক্ত বিদ্যুৎ পৌঁছে দিয়ে কৃষকের সময় ও অর্থ সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে চান এই উদ্যোক্তা।
বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা মোহাম্মদ আখতারুজ্জামান ২০০১ সালে অস্ট্রেলিয়ায় যান এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পড়াশোনা শেষ করেন। সেখানে নবায়নযোগ্য শক্তি, ব্যাটারি স্টোরেজ ও সোলার সিস্টেমের রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করতে করতেই নিজের এলাকায় একটি গরুর খামার গড়ে তোলার উদ্যোগ নেন।
বগুড়ার মোকামতলার চাকলমা (তালতলা) এলাকায় একটি গরু দিয়ে শুরু করা খামারটি সময়ের পরিক্রমায় প্রায় ১০০ গরুতে উন্নীত হয়। খামার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিদ্যুৎ বিল। এই ব্যয় কমাতেই সৌরবিদ্যুতের দিকে ঝুঁকে পড়েন তিনি।
সাধারণ সোলার প্রকল্পে প্যানেলের নিচের জমি পতিত পড়ে থাকে। এ সমস্যার সমাধানে আখতারুজ্জামান উঁচু কাঠামোয় সোলার প্যানেল বসিয়ে নিচে চাষাবাদের ব্যবস্থা করেন। এতে সূর্যের আলো ও সেচ ব্যবস্থার সমন্বয়ে জমির উর্বরতা বা ফলনের কোনো ক্ষতি হয় না বরং একই জমি থেকে চাষাবাদ ও বিদ্যুৎ—উভয়ই পাওয়া যায়।
মোকামতলায় প্রথম সৌর সেচ প্রকল্প সফল হওয়ার পর প্রাপ্ত আয় দিয়ে সোনাতলায় আরেকটি প্রকল্প গড়ে তোলেন। বর্তমানে দুটি প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিনশ বিঘা জমি যুক্ত হয়েছে, যা ক্রমেই বাড়ছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, এতে সেচ ও জমি ব্যবস্থাপনার খরচ অর্ধেকেরও নিচে নেমে এসেছে এবং উৎপাদন ঠিক থাকায় কৃষকের আয় বাড়ছে। দিনে সংগৃহীত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে জমিয়ে খামারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই কৃষির জন্য এই মডেল অত্যন্ত প্রাসঙ্গিক। একদিকে জীবাশ্ম জ্বালানি ও ডিজেলচালিত সেচের ওপর নির্ভরতা কমলে আমদানি ব্যয় ও কার্বন নিঃসরণ হ্রাস পায়; অন্যদিকে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত না করেই আবাদি জমি থেকে বাড়তি জ্বালানি উৎপাদন সম্ভব হয়।
সরকারি নীতিসহায়তা, সহজ শর্তে ঋণ এবং নেট মিটারিংয়ের সম্প্রসারণ ঘটলে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ে গ্রামীণ কর্মসংস্থান ও কৃষকের আয় বাড়াতে পারে। এতে সাধারণ মানুষও সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192227