বগুড়ায় পীস স্কুলের এমডিসহ ৩ জনের নামে মামলা : জোর করে পদত্যাগে সই নেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের পীস স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা ও পদত্যাগ নিয়ে বিরোধে, জোর করে পদত্যাগ পত্রে ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে বিবাদী করে মামলা করা হয়েছে।
গত ১৬ নভেম্বর বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি দায়ের (নম্বর ২৯০৬/২০২৬) করেন স্কুলের প্রতিষ্ঠাকালীন পরিচালক মো. শাহাদত হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো আব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়াকে।
মামলায় পীস স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. শাহীন আলম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ফজলুল হক এবং শহর শিবিরের সাবেক সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনকে বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদি, বিবাদী ও আরও কয়েকজনের উদ্যোগ ও অর্থায়নে মহানগরের জামিলনগর এলাকায় জানে সাবা হাউজিং কমপ্লেক্সে স্কুলটি গড়ে ওঠে। আগের সরকারের সময়ে বন্ধ থাকার পর ২০২৪ সালের জুলাইয়ের পর সেটি আবার চালু হয়। এরপর বিবাদীরা যোগসাজশে বাদিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বলে তিনি মামলার আরজিতে অভিযোগ করেছেন ।
বাদি মামলার আরজিতে আরও উল্লেখ করেন, চলতি বছরের ১২ অক্টোবর তিনিসহ স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালকবৃন্দ এবং বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত থাকায় জেলা জামায়াতের আমিরের কাছে লিখিত অভিযোগ দেন।
৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কলোনির শেখ ফরিদ এতিমখানা-সংলগ্ন জেলা জামায়াত অফিসে বাদিকে ডেকে নেওয়া হয়। সেখানে মারধরের ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগ সংক্রান্ত রেজুলেশন বইয়ে জোর করে সই নেওয়া হয়।
তিনটি ৩০০ টাকার ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পেও সই নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। তার আশঙ্কা, এগুলো ব্যবহার করে ভবিষ্যতে জাল দলিল তৈরি হতে পারে। স্কুলের কার্যক্রমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও আছে তার আরজিতে।
এ বিষয়ে জেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা আব্দুল হক ও মহানগর জামায়াত আমির অধ্যাপক আসম আব্দুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বাদি ছাত্রশিবিরের সাথে জড়িত ছিলেন। বিবাদীরা জামায়াত ইসলামির রাজনীতিতে সম্পৃক্ত।
তাদের উভয় পক্ষের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল এবং আপোষও করেন বাদি। পরবর্তীতে কেন আবার মামলা করেছেন এ বিষয়ে তারা কিছু জানেন না। তবে, জেলা জামায়াত কার্যালয়ে মারধরের ভয় ও প্রাণনাশের হুমকির কোন ঘটনা ঘটে নি।
অভিযোগ অস্বীকার করে শাহীন আলম ও ফজলুল হক বলেন, শাহাদত স্বেচ্ছায় পাওনা বুঝে নিয়ে পরিচালক পদ ছেড়েছেন, কেউ তাকে জোর করে ফাঁকা স্ট্যাম্পে সই করায়নি। তাদের দাবি, স্কুলের ক্ষতি করতেই তিনি মিথ্যা মামলা করেছেন।
শাহাদত হোসেন জানান, বগুড়া জেলা জামায়াতের অফিসে বিচারের নাম করে বসে জামায়াতের জেলা আমির আব্দুল হক এবং প্রচার সম্পাদক নুর মুহাম্মদ আবু তাহেরের উপস্থিতিতে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পরিচালক পদ থেকে অব্যহতিপত্রে স্বাক্ষর নেয়। আমি প্রাণ নাশের ভয়ে স্বাক্ষর করতে বাধ্য হই। পরে বিষয়টি অভিযোগ আকারে বগুড়া সদর থানায় জানাই এবং পরে আদালতে মামলা দায়ের করি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192226