বগুড়ায় ১০ দিনেও অধরা শিশু ধর্ষণ প্রধান আসামি রাহুল, গ্রেফতারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের নারুলি তালপট্টি এলাকায় চার বছর বয়সী শিশুকন্যা ধর্ষণের ঘটনায় জড়িত মুল নায়ক রাহুল সরদার (২৩) এখনও অধরা । দীর্ঘ ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন,প্রধান আসামি রাহুলকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ধর্ষণের ঘটনায় মামলার অপর দুই আসামি রাহুলের দাদা লুৎফর রহমান ও দাদি রহিমা বেগমকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়েছে। তারা কারাগারে আছে। এদিকে, প্রধান আসামি রাহুলকে গ্রেফতারের দাবিতে বগুড়া মহানগরে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন শিশুটির স্বজনরাসহ এলাকাবাসি।
আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভ থেকে জেলা পুলিশ সুপার কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যান এলাকাবাসি। পরে এই ঘটনার মূল আসামি রাহুলকে দ্রুত গ্রেফতার ও ৬ দফা দাবি আদায়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিশুটির বাবা তার বক্তব্যে তার মেয়ের ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাহুলকে দ্রুত গ্রেফতার ও সুবিচার দাবি করেন এবং সেইসাথে বর্তমানে কারাগারে থাকা রাহুলের দাদা-দাদীর মুক্তিযোদ্ধার সনদকে ভূয়া বলে দাবি করে এই বিষয়েও সঠিক তদন্ত দাবি করেন।
অধুনালুপ্ত বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রোস্তম আলী মানববন্ধনে বলেন, শিশু নির্যাতনের মতো এমন নৃশংস ঘটনায় ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অধীনে বিনা বিচারে অপরাধী পার পাওয়ার সুযোগ নেই, অপরাধীর বিচার হবেই।
এই ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আর্থিক বিবেচনা নয় এমন মানবিক বিপর্যয়ের ঘটনাগুলোতে ভুক্তভোগী ও তার পরিবারের পাশে সামাজিকভাবে অবস্থান নিতে হবে। বিগত সরকারের সময়েও নারুলি এলাকার হেনার মেয়ের সাথে এমন ঘটনা ঘটে ,মামলাটি এখনও বিচারাধীন এবং ওই মামলার আসামিরা কারাগারের বাইরে স্বাভাবিক জীবন যাপন করছে।
এই ঘটনার মামলাতেও মূল অভিযুক্ত এখনও অধরা । তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে নতুবা অপরাধীরা সাহস পাবে এবং সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
এছাড়াও মানবন্ধনে অংশ নিয়ে নির্যাতিত শিশুটির ফুফু লিলি, এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দা ইলিয়াস উদ্দিন, ইয়্যুথ ফোরামের সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ জয় সহ স্থানীয় এলাকাবাসীরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়া মহানগরের পূর্ব নারুলি তালপট্টি এলাকায় নিজ বাড়ির সামনে চার বছর বয়সী শিশুটি খেলছিল। এসময় প্রতিবেশি রহিমা বেগম (৬০) চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে তার বাড়িতে শয়ন ঘরে নিয়ে যায় এবং তার নাতি রাহুলের হাতে তুলে দেয়। পরে রাহুল শিশুটিকে ধর্ষণ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192215