বগুড়ার শেরপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ, বাধা দেয়ায় প্রাণনাশের হুমকি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সরকারি খাস জমি থেকে একটি পুরোনো আমগাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগে উঠেছে বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শাহজাহান আলীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার (২৩ নভেম্বর) গ্রামবাসীর পক্ষে রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়া বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামের দক্ষিণপাড়া রাস্তার পাশে সরকারি খাস জমিতে একটি বড় আমগাছ ছিল। হঠাৎ করেই আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি শাহজাহান আলীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী ও খলিল মণ্ডল গাছটি জোরপূর্বক কেটে ফেলেন। এ সময় স্থানীয় গ্রামবাসী সরকারি জমি থেকে আমগাছ কাটতে বাধা দিতে গেলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এবং গাছটি কেটে নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অতি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192212