বগুড়ার সোনাতলায় ৩শ’ হেক্টর জমির কাটা ধান, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে দিশেহারা কৃষক
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় টানা ২ দিনের বৃষ্টির পানিতে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে গিয়ে নষ্ট হতে শুরু করেছে। এতে উপজেলার প্রায় ৩শ’ হেক্টর জমির কাটা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চোখের সামনে সারা বছরের কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
আজ সোমবার (২৩ নভেম্বর) সরজমিনে উপজেলার হলিদাবগা, জোড়গাছা, নিমেরপাড়া, শিচারপাড়া, রশিদপুর, পাতিলাকুড়া, শ্যামপুর, নিশ্চিন্তপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এছাড়াও আলু ক্ষেত, পেঁয়াজ, রসুন, মূলা, ফুলকপি, গাজর, সরিষা, টমেটো, মিষ্টি কুমড়া, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার পদ্মপাড়া গ্রামের আনিছুর রহমান, লুৎফর রহমান, আইয়ুব আলী, পারভিন বেগম বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বহন করে তাঁরা ধান ফলিয়েছেন। ধান পাকার পর আবহাওয়া অনুকূলে থাকায় অনেকে জমি থেকে ধান কেটে মাঠেই রেখেছিলেন।
কেউ কেউ ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠে পড়ে থাকা কাটা ধান পানিতে ভিজে যায়। কোথাও কোথাও ধানের আঁটি পানিতে ডুবে রয়েছে। এ অবস্থায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে লোকসানের শঙ্কা। ভেজা ধান দ্রুত শুকাতে না পারলে ধানে চারা গজানো, রং নষ্ট হওয়া এবং গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এতে বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও চিন্তিত তারা। ধান উৎপাদনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ঘরে ফসল তোলার সময় বৃষ্টির কারণে সেই ফসল নষ্ট হলে ঋণের বোঝা আরও বাড়বে। অনেক কৃষক পরিবারের সারা বছরের খাদ্য ও জীবিকার প্রধান অবলম্বন এই ধান।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, কাটা ধান দ্রুত পানি থেকে সরিয়ে উঁচু ও শুকনো জায়গায় নিতে হবে। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে ধান ভালোভাবে শুকানোর ব্যবস্থা করতে হবে, যাতে ক্ষতির পরিমাণ কমানো যায়। এছাড়াও তিনি আরো বলেন, বৃষ্টিতে প্রায় কোটি টাকার ফসলের ক্ষতি সাধন হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192208