ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকায় মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ৭টার আগ পর্যন্ত যেকোনো সময় অন্য কোথাও থেকে মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। নারীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ এবং পায়ে ফোসকা রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নারীর আনুমানিক বয়স ২৩ হবে। পরিচয় শনাক্ত বা মরদেহের দাবিদার পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192200