সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির সংবাদ সম্মেলন
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর দেওয়া তথ্যকে অসত্য দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কাপাসিয়া অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন মরহুম আ স ম হান্নান শাহ। তার সময়ে ফকির মজনু শাহ সেতুসহ অসংখ্য রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতায় তার ছেলে রিয়াজুল হান্নান শাহ এলাকার উন্নয়নে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি রিয়াজুল হান্নান শাহর উদ্যোগে গোসিংগা-দরদরিয়া সেতু এবং সনমানিয়া থেকে লাখপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় একটি আধা-সরকারি পত্র দেওয়া হয়। প্রকল্প দুটি একনেকে অনুমোদন পেয়েছে বলেও তিনি দাবি করেন।
খন্দকার আজিজুর রহমান পেরার অভিযোগ, ওই অনুমোদনকে নিজের দেওয়া আধা-সরকারি পত্রের ফল হিসেবে দাবি করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন জামায়াতের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। তার এ দাবি অসত্য ও বানোয়াট বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসাইন ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192151