মুন্সিগঞ্জে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার একটি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় হাত-পা ও মুখ বেঁধে রাখায় অহিদুল ইসলাম নামের এক গ্যারেজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ডাকাতরা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও ৬১টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে।

গতকাল রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাটাভোগ হরিবাড়ী সংলগ্ন ওয়াহিদুর রহমানের মালিকানাধীন একটি অটোরিকশা গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। তিনি গত তিন মাস ধরে ওই গ্যারেজটি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজ ব্যবসায়ী অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে দুটি অটোরিকশা ও ৬১টি ব্যাটারি তুলে নিয়ে যায়।

নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, ডাকাতেরা মালামাল লুটের একপর্যায়ে তার স্বামী নিস্তেজ হয়ে পড়েন। একসময় তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে ডাকাতরা দ্রুত অহিদুলের হাতের বাঁধন খুলে দিয়ে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192143