জেমসের গান ও স্মৃতি সংরক্ষণে গঠিত হচ্ছে ফাউন্ডেশন

জেমসের গান ও স্মৃতি সংরক্ষণে গঠিত হচ্ছে ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক : চার দশকেরও বেশি সময় ধরে বাংলা রক সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন নগরবাউল জেমস। এবার তার দীর্ঘ সংগীতজীবনের গান, সৃষ্টিকর্ম ও স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে গঠন করা হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’। শুধু সংগীতকর্ম সংরক্ষণই নয়, দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনহিতকর কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে আগামী বছরের শুরুর দিকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারে।

রবিনের ভাষ্য, দীর্ঘদিন ধরেই ফাউন্ডেশন গঠনের বিষয়টি নিয়ে পরিকল্পনা চলছিল। দেশের মানুষের কাছ থেকে জেমস যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনটির অন্যতম প্রধান উদ্দেশ্য জেমসের গান ও সংগীতকর্ম যথাযথভাবে সংরক্ষণ করা। এর মাধ্যমে তার দীর্ঘদিনের সৃষ্টিগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান সংশ্লিষ্টরা।

পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাও থাকবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ।

আশির দশকে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন জেমস। সময়ের পরিক্রমায় তিনি পরিচিত হয়ে ওঠেন ‘নগরবাউল জেমস’ নামে। চার দশকেরও বেশি সময় ধরে স্বতন্ত্র কণ্ঠ, গায়কী ও নিজস্ব সংগীতধারা দিয়ে বাংলা রক সংগীতে নিজের এক অনন্য অবস্থান প্রতিষ্ঠা করেছেন তিনি।

সংগীতের ধারা বদলেছে, এসেছে নতুন প্রজন্ম, বদলেছে শ্রোতাদের রুচি ও পছন্দ। কিন্তু জেমসের জনপ্রিয়তা ও শ্রোতাদের প্রতি তার আবেদন আজও অমলিন। দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে এখনো তার গান শুনতে ভিড় করেন অসংখ্য ভক্ত, আর মঞ্চে তার উপস্থিতি মাতিয়ে তোলে শ্রোতাদের।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192142