আজও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আজও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মফস্বল ডেস্ক : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এসময় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ছত্রভঙ্গ হতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ‘নিউ এইজ গ্রুপ’-এর (নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড ও নিউ এইজ অ্যাপারেলস) শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ৮টা ৫০ মিনিটে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। 

ছুটি ঘোষণার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে গেলেও তাদের একটি অংশ ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এসময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী ‘আলিফ পরিবহন’-এর একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটির কাচ ভাঙচুর করেন এবং পার্শ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালান।

খবর পেয়ে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এসময় আতঙ্কে দৌড়াতে গিয়ে পড়ে তিন নারী শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। ওই কারখানাগুলোর শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কর্মস্থল ত্যাগ করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বর্তমানে জিরাবো ও নিশ্চিন্তপুর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192124