সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর আজ সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম টেস্টের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
সেঞ্চুরিয়নের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পান। তাই চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দিন অনুশীলনে তাসকিন, শরীফুল, এবাদত ও খালেদকে বেশ মনোযোগী দেখা গেছে। তবে উইকেট বিবেচনা করে একাদশ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
চোটের কারণে এই টেস্টে খেলতে পারছেন না পেসার হাসান মাহমুদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। হাসানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ। মুশফিকের অনুপস্থিতিতে অন্যদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন কোচ।
এদিকে চোটের কারণে শেষ টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
ডান কুঁচকির চোট কাটিয়ে একাদশে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া। তার ফেরায় দল থেকে বাদ পড়েছেন ড্যান প্যাটেরসন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192104