কয়েক দফা কমার পর ফের বাড়ল সোনার দাম
কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে সোনার দাম।
আজ (সোমবার, ২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে এই দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এসব নিয়ম ও নির্ধারিত দাম কার্যকর থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192101