গাইবান্ধার সাঘাটায় টানা বৃষ্টিতে কাঁচা ইট ও ফসলের ব্যাপক ক্ষতি
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : শুষ্ক মৌসুমে টানা চারদিনের আকস্মিক বৃষ্টিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইটভাটা ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ ইটভাটায় পোড়ানোর অপেক্ষায় থাকা লাখ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়ে গেছে।
এতে ভাটামালিকদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। অন্যদিকে, পাকা আমন ধান ও রবিশস্যের কয়েকশ’ হেক্টর জমিতে পানি জমে কৃষকদের মধ্যেও দেখা দিয়েছে চরম উদ্বেগ।
গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টি আজ রোববার (২২ নভেম্বর) দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এতে বিপাকে পড়েন ইটভাটা মালিক ও কৃষকেরা।
উপজেলার ইটভাটা মালিক সূত্রে জানা গেছে, সাঘাটায় বর্তমানে ১২টি ইটভাটা রয়েছে। এসব ভাটায় কয়েক মাস ধরে তৈরি করে রাখা কাঁচা ইট পোড়ানোর প্রস্তুতি চলছিল। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ ভাটার কাঁচা ইট পানিতে ভিজে কাদায় পরিণত হয়েছে। কোথাও কোথাও পোড়ানোর আগে সারিবদ্ধ করে শুকাতে দেওয়া ইটও নষ্ট হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) উপজেলার বরাইবান্দি, হাপানিয়া, গজারিয়া, গরগরিয়া ও কাঁঠালতলীসহ বিভিন্ন এলাকার ইটভাটা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কাঁচা ইটের স্তূপ। অনেক ভাটায় নষ্ট হয়ে যাওয়া ইট সরিয়ে নতুন করে ইট তৈরির প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকেরা। স্থানীয়দের দাবি, উপজেলার ১১টি ভাটায় কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার বরাইকান্দি এলাকার এসবিএস ব্রিকসের মালিক তোরাব আলী বলেন, কয়েক মাস আগে থেকেই ভাটায় ইট তৈরি করে স্তূপ করে রাখা হয়েছিল। সবেমাত্র ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যেই আকস্মিক বৃষ্টিতে স্তূপ করে রাখা ৫ থেকে ৬ লাখ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।
এদিকে বৃষ্টিতে উপজেলার কৃষিতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশ’ হেক্টর জমিতে পাকা আমন ধান ও রবিশস্য পানিতে নিমজ্জিত হয়েছে। সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পাকা ধান, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন ও উঠতি সরিষাসহ বিভিন্ন ফসলের জমিতে পানি জমে আছে। ধান কেটে ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ধান শুয়ে পড়েছে ৬৫ হেক্টর, শাক-সবজি ২৮ হেক্টর এবং সরিষা ১২ হেক্টর ক্ষতি হয়েছে। বিরূপ আবহাওয়া ঠিক হয়ে গেলে ক্ষতির পরিমাণ কমে যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192097