পাবনার বেড়ার পরিস্থিতি থমথমে আ’ লীগের ৫ সমর্থক আটক
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনও আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের। সংঘর্ষের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কে বেড়া পৌর সদরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বেড়া থানার ওসি গোলাম মোস্তফা। তিনি জানান, এ ঘটনায় মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আটককৃতরা হলেন, বেড়া পৌর সদরের বৃশালিখা মহল্লার মৃত মোকাদ্দেস হোসেনের ছেলে মোখলেছুর রহমান(৫৫), মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে রফিকুল ইসলাম(৪৫), সম্ভুপুর মহল্লার মৃত সুলতান সরদারের ছেলে সালাম সরদার(৭১), আব্দুল মালেক সরদারের দুই ছেলে সাব্বির হোসেন(২৭) ও রাব্বি হাসান(২৩)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি পুলিশের।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ড চাকমা বলেন, আইন শৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। এলাকাগুলো পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত বা ভাঙচুর, আগুন দেয়ায় ক্ষতিগ্রস্ত তালিকা করার পরিবেশ এখনও তৈরি হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে ভাল বলা যায়। আমরা নজর রাখছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192081