যানজট নিরসনে বগুড়া সিটির যুগান্তকারী পদক্ষেপ, নিবন্ধন পাচ্ছে ১০ হাজার রিকশা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলোতে প্রতিদিন কয়েক শত ব্যাটারিচালিত রিকশার জটলা থাকে। অতিরিক্ত রিকশার বেপরোয়া চলাচলে অতিষ্ঠ পথচারীরা, শহরে পায়ে হেঁটে চলাচলেও তৈরি হয়েছে চরম ভোগান্তি। মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে বর্তমানে ব্যয় হচ্ছে ৩০ থেকে ৩৫ মিনিট। তবে নগরের এই দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে এবং শৃঙ্খলায় ফেরাতে এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন।
আগামী বছরের শুরুতেই শহরের ধারণক্ষমতা ও রাস্তার প্রশস্ততা বিবেচনা করে ব্যাটারিচালিত রিকশার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ ও নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বগুড়া সিটির প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, শহরের রাস্তার ধারণক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ ১০ হাজার ব্যাটারিচালিত রিকশাকে চলাচলের অনুমতি দেওয়া হবে। এর অতিরিক্ত রিকশা রাস্তায় নামতে দেওয়া হবে না। ধারণক্ষমতার বাইরে যান চলাচল নিয়ন্ত্রণ না করলে শহরকে যানজটমুক্ত করা সম্ভব নয় বলেই এই পদক্ষপে নেওয়া হচ্ছে।
সিটি কর্পোরেশন গঠনের আগে তৎকালীন বগুড়া পৌরসভায় প্রায় সাড়ে ৫ হাজার পায়ে চালিতরিকশার নিবন্ধন ছিল। তবে সময় ও প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে পায়ে চালিত রিকশা বিলুপ্তির পথে বসেছে এবং জায়গা করে নিয়েছে ব্যাটারিচালিত অটো রিকশা। সূচনালগ্নে চিকন চাকার রিকশা চালু হলেও পরবর্তীতে নিচু ও মোটা চাকার রিকশা ব্যাপক জনপ্রিয়তা পায়। মোটা চাকার রিকশা অপেক্ষাকৃত নিরাপদ, উল্টে যাওয়ার ঝুঁকি কম এবং যাত্রী ওঠানামায় অধিক স্বাচ্ছন্দ্যময় হওয়ায় সিটি কর্পোরেশন শুধুমাত্র এই ক্যাটাগরির (নিচু ও মোটাচাকার) রিকশাগুলোকেই নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
তবে যত্রতত্র অটোরিকশার মালিকানা ও বাণিজ্য বন্ধে কড়া শর্ত আরোপ করা হয়েছে। প্রশাসক জানান, নিবন্ধন পেতে হলে চালককে অবশ্যই বগুড়া সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শুধুমাত্র ‘প্রকৃত চালক-মালিক’রাই এই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। চালক ব্যতীত কোনো গ্যারেজ মালিক বা ব্যবসায়ী ভাড়ায় খাটানোর উদ্দেশ্যে রিকশার নিবন্ধন পাবেন না। একজন প্রকৃত চালক নিজের পাশাপাশি সর্বোচ্চ আরও দুটি রিকশার নিবন্ধন নিতে পারবেন।
নগরের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে প্রতিটি নিবন্ধিত রিকশায় যুক্ত থাকবে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত ডিজিটাল ‘কিউআর কোড’। এই প্রযুক্তির ফলে কোনো যাত্রী রিকশায় মালামাল ফেলে গেলে কিউআর কোডের ছবি তুলে রেখেই তা সহজে উদ্ধার করতে পারবেন। এমনকি চালক ছাড়া কেবল রিকশায় মালামাল পাঠালেও নিরাপত্তা নিশ্চিত হবে।
পাশাপাশি ছিনতাই বা অপরাধমূলক কর্মকান্ড ঘটলে কিউআর কোড ট্র্যাক করে দ্রুত রিকশা ও অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বগুড়াবাসী। নগরবিদদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্য হারে কমবে এবং পথচারীদের হাঁটার পরিবেশ ফিরবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192076