বগুড়ায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
শহর প্রতিনিধি: বগুড়ায় শিক্ষার্থী গালিব হত্যার আাসামীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে নিহত গালিবের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। আজ রোববার (২২ নভেম্বর) মহানগরের বাংলাদেশ ব্যাংকের সামনের সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী চলে এই কর্মসূচী।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন গালিবের মা কে সিটি কর্পোরেশনে চাকরি ও হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে সড়ক ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিকে, ঘণ্টাব্যাপী চলা এই অবরোধ কর্মসূচীতে সাতমাথা থেকে বনানী রোডের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে যানজট সৃষ্টি হয়। কানচ গাড়ি থেকে গণপূর্ত ভবনের সামনে ও মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়ক ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পরে যানজট।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গালিবের মা ময়না বেগমকে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়া হবে বলে জানান বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উল্লেখ্য, বগুড়া মহানগরীর খান্দার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত গালিব নামের ওই শিক্ষার্থী শুক্রবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পেছনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। নিহত গালিব মহানগরীর ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মৃত মাহবুবের ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192068