বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট, জনভোগান্তি
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির যমুনা নদীতে নাব্যতা সংকট বিরাজমান। ডুবোচরে নৌকা আটকে যাওয়ায় মাঝিরা রয়েছেন বিপাকে । কৃষকেরা নানা ধরনের ভোগান্তির শিকার হয়ে কৃষিপণ্য পরিবহন করছেন। নব্যতার অভাবে উপজেলার বেশকটি নৌরুটে নৌকা চলাচল প্রায় বন্ধের পথে। তবে উপজেলার প্রধান নৌরুট চালু রাখতে ডুবোচরগুলো কেটে দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত কয়েকবছর ধরেই সারিয়াকান্দিতে যমুনা নদীতে বন্যা হচ্ছে না। ২০২৫ সালে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। এ বছরও পানি বিপৎসীমার কাছাকাছি গিয়ে আবারও নেমে গিয়েছে। ফলে এ বছর যমুনা নদীর পানি দ্রুত কমে গেছে এবং সারিয়াকান্দিতে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে।
নাব্যতা সংকটে যমুনা নদীতে বেশকিছু ডুবোচর সৃষ্টি হয়েছে। এসব ডুবোচরে নৌকা আটকে যাচ্ছে। মাঝিরা পানিতে নেমে অনেক কষ্টে ডুবোচর থেকে নৌকা সরিয়ে নিচ্ছেন। এতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। নাব্যতা সংকটে উপজেলার পারতিত পরল আলতাফ আলীর খেয়াঘাট, হাসনাপাড়া খেয়াঘাট, নিজবলাইল নয়াপাড়া খেয়াঘাট, চারালকান্দি খেয়াঘাটসহ বেশকিছু খেয়াঘাট প্রায় বন্ধের পথে। এসব খেয়াঘাটের নৌপথে পানি না থাকায় পথচারী পায়ে হেঁটে চলাচল করছেন।
কোথাও নৌপথের দৈর্ঘ্য একেবারেই কমে গেছে। এসব নৌপথে নৌকা চলাচল না করায় কৃষকেরা তাদের কৃষিপণ্য ঘাড়ে করে অথবা ঘোড়ার গাড়িতে করে পরিবহন করছেন। এতে তাদের কৃষিফসল উৎপাদন করতে পরিবহন খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে উপজেলার প্রধান নৌরুট সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটটিতে নাব্যতা সংকটের কারণে বেশকিছু ডুবোচর সৃষ্টি হওয়ায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে।
এ নৌরুটটি সচল রাখতে উপজেলা প্রশাসন এসকেবেটর দিয়ে ডুবোচর কেটে দিয়ে নৌরুট সচল রাখতে প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের আলতাফ আলী খেয়াঘাটের মাঝি বলেন, আমার নৌরুটের দৈর্ঘ্য ছিল ২ কিলোমিটার।
যমুনার পানি শুকাতে শুকাতে সেই নৌরুটের দৈর্ঘ্য হয়েছে মাত্র ৫০ মিটার। তাও আবার সেখানে কোমর পানির নীচে সামান্য স্রোতধারা রয়েছে। যা আর কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে। এতে আমার নৌরুটটি বন্ধ হয়ে যাবে। এদিক দিয়ে চরবাসী পায়ে হেঁটেই বেশি চলাচল করছেন। খেয়াঘাটটি ইজারা নিয়ে আমি ক্ষতির সম্মুখীন হতে চলেছি।
কাজলা কুড়িপাড়া গ্রামের কৃষক মোহন মিয়া বলেন, যমুনা নদীতে পানি না থাকায় ফসল উৎপাদন করে আমরা বিপাকে পরেছি। উৎপাদিত ফসল বাজারজাত করার জন্য ঘোড়ার গাড়িতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে আমাদের ফসলের উৎপাদন খরচ বেশি হচ্ছে। অপরদিকে নদীতে পানি থাকলে নৌকায় একেবারে কম খরচে ফসল বাজারজাত করতে পারতাম।
সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের কালিতলা নৌঘাটের মাঝি আমিরুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি না থাকায় নৌকা বারবার ডুবোচরে আটকে যাচ্ছে। ডুবোচর থেকে নৌকা নামাতে পানিতে নামতে হচ্ছে এবং নৌকায় ঘাড় লাগিয়ে অনেক কষ্টে নৌকা ডুবোচর থেকে নামাতে হচ্ছে। সরকারের কাছে দাবি অতি দ্রুত যেনো আমাদের নৌরুটটি সচল করে দেয়।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সারিয়াকান্দির প্রধান নৌরুট সচল রাখতে ইতিমধ্যেই ডুবোচর এস্কেভেটর মেশিন দিয়ে কেটে দেয়া হচ্ছে। এতে নৌকা চলাচল স্বাভাবিক হবে। যেহেতু সারিয়াকান্দিকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। নৌবন্দরের কাজ শুরু হলে, নৌরুটগুলো সচল রাখতে প্রতিনিয়ত ক্যাপিটাল ড্রেজিং করা হবে। তখন নাব্যতা সংকটের এ সমস্যার সমাধান হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192062